চট্টগ্রামে স্বাধীনতা মেলায় অশ্লীল নাচ-গান!
বিশ্বকাপ ক্রিকেট দেখার জন্য নগরের লালদীঘি মাঠে বড় পর্দা বসানো হয়েছিল। তবে সেই বড় পর্দা এখন আর নেই। ৫ মার্চ থেকে স্বাধীনতা উদ্যাপনের নামে শুরু হয়েছে ভেরাইটি শো। পপসংগীত ও বিচিত্রা অনুষ্ঠানের আড়ালে প্রতিদিন সন্ধ্যার পর থেকে চলে অশ্লীল নৃত্য। সরকারি দলের এক নেতার নাম ভাঙিয়ে চলছে এই প্রদর্শনী। জানা গেছে, অশ্লীল নৃত্য ছাড়াও চলছে লটারি। রয়েছে সার্কাস ও জাদু প্রদর্শনী। দুটি খাবারের দোকান বসেছে মাঠে। পুরো আয়োজনের নাম দেওয়া হয়েছে স্বাধীনতা মেলা। আগামী ৩ এপ্রিল পর্যন্ত চলবে স্বাধীনতা মেলা। নগর পুলিশ কার্যালয়ের সামনে এ ধরনের অশ্লীলতা চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নগরের মুসলিম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এখন ক্রিকেট বিশ্বকাপ চলছে। আমার ছেলেটা প্রতিদিন খেলা দেখার কথা বলে লালদীঘি মাঠে যাচ্ছে। ফিরে অনেক রাত করে। পরে জেনেছি, সেখানে কোনো বড় পর্দা নেই। ছেলেটি ভেরাইটি শো দেখতে যায়।’জানা গেছে, বিশ্বকাপের সহযোগী আয়োজক হিসেবে চট্টগ্রামের দর্শকদের জন্য সিটি করপোরেশন ক্রিকেটপ্রেমীদের বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে। গত ১৯ ফেব্রুয়ারি লালদীঘি মাঠে বসানো হয় বড় পর্দা। ৫ মার্চ বড় পর্দা সরিয়ে ফেলা হয়। ফলে ১১ ও ১৪ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত দুটি ম্যাচ এখানে বড় পর্দায় দেখানো হয়নি। ভেরাইটি শো পরিচালনার দায়িত্বে থাকা খায়রুল ইসলাম দাবি করেন, ‘এখানে স্বাধীনতা মেলা চলছে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক এই মেলার আয়োজক। আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। অশ্লীল নৃত্য নয়, রাত দুইটা-আড়াইটা পর্যন্ত এখানে চলে নাচ-গান।’তবে ইনামুল হক ওই আয়োজনের সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন। তিনি বলেন, ‘মেলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর পুলিশের সামনে এসব বেহায়াপনা কীভাবে হয়? এসব বন্ধ করা উচিত।’নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘অশ্লীল কিছু হয়ে থাকলে আমরা ব্যবস্থা নেব।’গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, মাঠের চারদিকে টিন ও ত্রিপল দিয়ে ঘিরে মঞ্চ বানানো হয়েছে। দর্শক আকর্ষণের জন্য বাইরে ব্যানারে লেখা আছে, ‘চলচ্চিত্রের নায়ক-নায়িকা ও ঢাকা-চট্টগ্রামের টিভি ও বেতারশিল্পীদের সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান। প্রতিদিন রাত সাড়ে সাতটা থেকে দেড় ঘণ্টার শো শুরু হয়। টিকিটের দাম ৮০ ও ১০০ টাকা। দেড় ঘণ্টার প্রতি শোতে প্রায় ৫০০ দর্শক ঢোকানো হয়।রাত ১০টার শোর সময় দেখা যায়, লম্বা সারি করে মানুষ ভেতরে ঢুকছে। খেটে খাওয়া মানুষের পাশাপাশি কিশোর-তরুণেরা ভেরাইটি শোর দর্শক। শোতে ঢুকে দেখা যায়, গানের সঙ্গে চলছে অশ্লীল নৃত্য। সময় যত বাড়ে অশ্লীল নৃত্যও তত বাড়ে।শোতে ঢোকার আগে মাঠে দেখা গেছে, সেভেন স্টার লটারির লাকি কুপন বিক্রি হচ্ছে। ১০-১৫ জন লোক কুপন কিনতে ভিড় করেছেন। কুপন বিক্রির সময় বাবুল নামের এক ব্যক্তি বৈদ্যুতিক মিস্ত্রিকে রাতে কোথায় কী লাইট লাগাতে হবে, বুঝিয়ে দিচ্ছিলেন। জানা গেল, প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কুপনের ড্র হয়।বাবুল নিজেকে মেলার তত্ত্বাবধায়ক পরিচয় দিয়ে জানান, ‘মেলার খুব খারাপ অবস্থা। আমরা ঠিকমতো মাঠের ভাড়াই তুলতে পারছি না।’ অশ্লীল নৃত্য প্রদর্শনী প্রসঙ্গে বাবুল এই প্রতিবেদককে বলেন, ‘আপনি রাতে আসেন, আপনাকে সম্মান করা হবে।’