চট্টগ্রামে স্বাধীনতার বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা। আজ মঙ্গলবার বিকেলে নগরের ডিসি হিল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ হায়াৎ মামুদ। চট্টগ্রাম একাডেমি এ মেলার আয়োজন করেছে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান অনুপম সেন। তিনি বলেন, জ্ঞানের মাধ্যমে ইউরোপ একসময় পৃথিবীর বড় অংশ শাসন করেছে। জ্ঞান আহরণ ও ছড়ানোর প্রধান মাধ্যম বই। বইমেলার আয়োজন পাঠকের কাছে বই ও জ্ঞানকে নিয়ে যেতে সাহায্য করে।
অনুষ্ঠানের উদ্বোধক হায়াৎ মামুদ বলেন, ব্যক্তির মধ্যে চেতনার সঞ্চার করে। বই এমনই একটি উপকরণ যেটি চোখের সামনে দেখলে কিনতে ইচ্ছে করে। বইমেলা সে সুযোগটি তৈরি করে দেয়। তবে বর্তমান প্রজন্মের বই পড়ার অভ্যাস কিছুটা কমে যাচ্ছে। মা-বাবার উচিত সন্তানদের বইয়ের মধ্যে মানুষ করা।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল আলম বলেন, ভাষাকে বিকৃতির হাত থেকে, সংস্কৃতিকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে জাতীয় জাগরণ ও আন্দোলন দরকার। বইমেলা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক নেছার আহমেদ, বইমেলা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারা আলম, মহাসচিব আমিনুর রশিদ কাদেরী প্রমুখ।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, মেলায় চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন প্রকাশনা সংস্থার ২০টি বইয়ের স্টল রয়েছে। প্রতিদিন মেলা বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। তবে ২৬ মার্চ সমাপনী দিনে সকাল ১০টা থেকে মেলা শুরু হবে।