চট্টগ্রামে স্বামী হত্যার দায়ে নারীর যাবজ্জীবন
চট্টগ্রামে স্বামী হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই নারীকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এই রায় দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, দণ্ডিত আসামির নাম রেহেনা বেগম (৩২)। মাস দুয়েক আগে তিনি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর পালিয়ে যান। রেহেনা তাঁর স্বামী রফিকুল ইসলাম ওরফে কবিরের দ্বিতীয় স্ত্রী ছিলেন। রেহেনার স্বামী রফিকুলের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তিনি চট্টগ্রাম বন্দরে কাজ করতেন। নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার এক নম্বর সড়কের একটি বাসায় তিনি রেহেনাকে নিয়ে থাকতেন। সূত্র জানায়, ২০০৯ সালের ৩ অক্টোবর দিবাগত রাতে রফিকুলকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন করেন রেহেনা। এ ঘটনায় নিহত রফিকুলের ভাই জসীম উদ্দিন ৪ অক্টোবর হালিশহর থানায় একটি মামলা করেন।সূত্র জানায়, রেহেনার সঙ্গে অন্য যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে রেহেনা তাঁর স্বামীকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালের ২৬ আগস্ট রেহেনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১১ সালের ২৪ মে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।