চট্টগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিন উল্লাহ এই রায় দেন।দণ্ডিত আসামিরা হলেন মিনা আক্তার, মিনার বন্ধু মো. জাহেদ ও মো. সোহেল। রায় ঘোষণার পর তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।জননিরাপত্তা ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১০৯ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ কারণে আদালত নিহতের স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। দণ্ডিত আসামিদের আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার নির্দেশ দেওয়া হয়েছে।’আদালত সূত্র জানায়, আসামি মিনা আক্তারের স্বামী মাসুদুল হক ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। মাসুদুলের স্ত্রী মিনা আক্তার আরেক আসামি জাহেদের দর্জি দোকানে সেলাইয়ের কাজ শিখতেন। এই সূত্রে জাহেদের সঙ্গে মিনার সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। মিনার পরামর্শে মাসুদুলকে হত্যার পরিকল্পনা করেন জাহেদ ও সোহেল। আদালত সূত্র আরও জানায়, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর রাতে পূর্বপরিকল্পনা অনুসারে মাসুদুলকে নিয়ে জাহেদ ও সোহেল আনোয়ারা উপজেলার মোহছেন আউলিয়ার মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন। পথে উপজেলার চাল গ্রামের পাহাড়ে নিয়ে মাসুদুলকে শ্বাসরোধের পর ছুরিকাঘাতে হত্যা করেন জাহেদ ও সোহেল। ঘটনার পরদিন অজ্ঞাত ব্যক্তি হিসেবে পত্রিকায় খবর ছবি ছাপা হলে নিহতের পরিবারের সদস্যরা মাসুদুলের লাশ শনাক্ত করেন। ওই দিন আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) আসলাম শিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। আদালত সূত্র জানায়, মামলার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে মিনা আক্তার, জাহেদ ও সোহেলকে গ্রেপ্তার করে। পরে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১০ সালের ২১ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১০ সালের ৩০ নভেম্বর জননিরাপত্তা ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত এই রায় দেন।