চট্টগ্রামে স্বাস্থ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, জরুরি ওষুধ প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হলো স্বাস্থ্যমেলা। ‘আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান’ শীর্ষক স্লোগানে এ মেলার আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন ও সূর্যের হাসি।
গতকাল সকালে বেলুন উড়িয়ে স্বাস্থ্যমেলার উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেলায় সিটি করপোরেশন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং বেসরকারি সংস্থা অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এমএইচএসডিপির চিফ অব পার্টি খালেদা এইচ আক্তার। চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম আকতার চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন অজয় কুমার দে, সোশ্যাল মার্কেটিং কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক মুকুল তালুকদার। স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্যমেলা ব্যবস্থাপনা কমিটির পরিচালক সেলিনা আখতার।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে করপোরেশন। ৪১টি ওয়ার্ডে ৭৮টি চিকিৎসাকেন্দ্রে মাত্র ১০ টাকা নিবন্ধন ফির মাধ্যমে চিকিৎসা পাওয়ার সুযোগ রয়েছে।
করপোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে দন্ত চিকিৎসার কর্নার চালু করা হয়েছে। এ ছাড়া হেলথ টেকনোলজি, মিডওয়াইফারি ইনস্টিটিউট, হোমিও কলেজ মেলা পরিচালনা করছে।
দিনব্যাপী স্বাস্থ্যমেলায় নাটক, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।