চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের কাট্টলী জেলেপাড়াসংলগ্ন বেড়িবাঁধ থেকে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আগের দিন সোমবার রাতে দোকান বন্ধ করে বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।স্বেচ্ছাসেবক লীগের ওই নেতার নাম মাসুদ মিয়া (৩৫)। তিনি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সদস্য। আবার মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগেরও সদস্য। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে বলে পুলিশের ধারণা।পুলিশ সূত্র জানায়, হত্যাকারীরা মাসুদের মানিব্যাগ, ঘড়ি, মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্র নেয়নি। লাশের সঙ্গে এগুলো পাওয়া গেছে। আলামত হিসেবে পুলিশ এগুলো জব্দ করেছে।জানা গেছে, নগরের এ কে খান গেইট এলাকায় মাসুদ এন্টারপ্রাইজ নামের একটি ঢেউটিনের দোকান আছে মাসুদের। তিনি সোমবার রাত নয়টার দিকে দোকান থেকে বের হন। এর প্রায় পাঁচ মিনিট পর তিনি মুঠোফোনে তাঁর মেয়ের সঙ্গে সর্বশেষ কথা বলেন।মাসুদের বড় ভাই আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চার ভাইয়ের মধ্যে মাসুদ সবার ছোট। ব্যবসা-বাণিজ্য ও রাজনীতি নিয়ে ব্যস্ত সময় কাটাত সে। তাঁর কোনো শত্রু আছে কি না, আমার জানা নেই।’প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সকালে জেলেপাড়ার টোল সড়কের অদূরে বেড়িবাঁধের কাছে মাসুদের লাশ পড়ে থাকতে দেখা যায়। মাসুদের গলা ছুরি দিয়ে কাটা ছিল। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে মাসুদকে খুন করা হতে পারে। তবে যেখানে তাঁর মরদেহ পাওয়া গেছে, সেই জায়গায় তিনি আগেও বেশ কয়েকবার এসেছিলেন বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি।’