চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা একটি মৃত্যুকাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ মো. ওবাইদুল হকের মৃত্যুর খবর শুনে ঈদের আগে সন্দ্বীপ থেকে ছুটে এসেছিলেন মো. বোরহান উদ্দিন। সেই বোরহান গতকাল সোমবার নগরের খুলশী থানাধীন জিইসির মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান।নিহত বোরহান সন্দ্বীপের গাছুয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। ঈদের চার দিন আগে সন্দ্বীপের সাবেক সাংসদ মো. ওবাইদুল হকের মৃত্যুর খবর পেয়ে তিনি চট্টগ্রামে আসেন। নগরের ওআর নিজাম রোডের ওবাইদুল হকের বাসায় বোরহান দীর্ঘদিন গৃহভৃত্যের কাজ করেন। সাবেক সাংসদের পরিবারেই তিনি বেড়ে ওঠেন। বয়স বেড়ে যাওয়ার পর একপর্যায়ে গ্রামের বাড়ি সন্দ্বীপ চলে যান। আপদে-বিপদে ছুটে আসতেন ওবাইদুল হকের ছেলের পরিবারের কাছে। ঈদের আগে আসাটা ছিল তাঁর শেষ আসা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জিইসির মোড়ে রাস্তা পারাপারের সময় তাঁকে একটি প্রাইভেট কার চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।