চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রুপম কান্তি নাথ (৩০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের ইডিজেড থানার মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপম নগরের ইপিজেড থানায় কর্মরত ছিলেন। তিনি সীতাকুণ্ড উপজেলার নারায়ণ চন্দ্র নাথের ছেলে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, টহল ডিউটি করে মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন এএসআই রুপম কান্তি নাথ। মাইলের মাথা এলাকায় একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রাতে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। চালক পলাতক রয়েছেন।
এ ঘটনায় ইডিজেড থানায় মামলা হয়েছে। নিহত রুপম গত বছরের নভেম্বর মাসে ইডিজেড থানায় যোগদান করেন। তিনি বছর খানেক আগে বিয়ে করেন।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, এটি নিছক দুর্ঘটনা। অন্য কোনো উদ্দেশ্যে পুলিশ সদস্যকে মাইক্রোবাস দিয়ে ধাক্কা দেওয়া হয়নি। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।