চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ট্রাকচাপায় নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের বাদশা মিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর চকবাজার থানা-পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়েছেন। ট্রাকটি একটি প্রাইভেট কারকেও (ব্যক্তিগত গাড়ি) ধাক্কা দেয়। এতে কার দুমড়েমুচড়ে যায়।
নিহত জালাল নগরের পাহাড়তলী এলাকায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবন চত্বরে জানাজার পর তাঁকে দাফন করা হবে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক কামরুল ইসলাম।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘জালাল আমার আমীরবাগের বাসা থেকে বের হয়ে হেঁটে গোলপাহাড়ের দিকে যাচ্ছিল। ওয়ার সিমেট্রি পার হয়ে একটু এগোনোর পর পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে জালালকে রক্তাক্ত অবস্থায় মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার মৃত্যু হয়।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা প্রথম আলোকে জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এরপর জালালকে চাপা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর জালাল মারা যায়।