চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই পোশাকশ্রমিকসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় বাসচাপায় নিহত হন তৈরি পোশাক কারখানার দুই নারীকর্মী। আহত হন আরও পাঁচজন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা দুটি বাসে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন আরও কয়েকটি যানবাহন। বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকায় বাসের ধাক্কায় নিহত হন অটোরিকশার তিনজন যাত্রী। গুরুতর আহত হন দুজন।পুলিশ সূত্র জানায়, কালুরঘাট শিল্প এলাকায় নিহত দুজন পোশাকশ্রমিক হলেন শিল্পী বড়ুয়া (২২) ও শিবু নাথ (৩৫)। শিল্পী দেশ গার্মেন্টস এবং শিবু আজিম গ্রুপে কাজ করতেন। দুর্ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে একটি বাস থেকে বিসিক শিল্প এলাকার মোড়ে তৈরি পোশাককর্মীরা নামছিলেন। বাসটি পুরোপুরি থামেনি। চলন্ত বাস থেকেই চালকের সহকারী ধাক্কা দিয়ে মহিলা শ্রমিকদের নামিয়ে দিচ্ছিলেন। এ সময় দেশ গার্মেন্টসের শিল্পী বড়ুয়া বাসের চাকায় পিষ্ট হন। এতে শ্রমিকেরা চিৎকার শুরু করলে চালক দ্রুত বাস নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন সড়কের পাশে দাঁড়ানো আরেক শ্রমিক শিবু নাথ গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। বাসের ধাক্কায় আহত হন আরও পাঁচজন। এ অবস্থায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে বাসটি আটক করে প্রথমে ভাঙচুর এবং পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় শ্রমিক নিয়ে আসা আরও একটি বাস থামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই বাসের চালক ও সহকারীরা পালিয়ে যান।পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় পুলিশ, র‌্যাব ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। চান্দগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশারেফ বলেন, শ্রমিক হতাহতের ঘটনায় মামলা হয়েছে। এতে বাসের অজ্ঞাতনামা চালক ও সহকারীকে আসামি করা হয়েছে।এদিকে বাঁশখালীর পুকুরিয়া এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার তিনজন আরোহীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। আক্কাস উদ্দিন (৪০) ও তাঁর মেয়ে লাকি সুলতানা (৮)। অন্যজনের পরিচয় জানা যায়নি।জানা গেছে, সকাল আটটার দিকে চট্টগ্রামমুখী একটি বাস পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। নিহত ব্যক্তিদের স্বজনেরা কোনো মামলা করবেন না বলে লিখিত আবেদন দিয়ে লাশ নিয়ে গেছেন। ফলে কোনো মামলা হয়নি।