চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিটিগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন রাব্বানি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

গত শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। রাব্বানি নগরের হালিশহর বি ব্লকের বাসিন্দা আবুল খায়েরের ছেলে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে সীতাকুণ্ডে বন্ধুর বাসায় যাচ্ছিলেন রাব্বানি। সিটিগেট পার হয়ে গ্ল্যাক্সো ফ্যাক্টরির সামনে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় তিনি রাস্তার ওপর পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাক তাঁকে চাপা দেয়। ট্রাকের চাপায় মাথা ও মুখ থেঁতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে রাব্বানির পকেটে থাকা মুঠোফোন থেকে আত্মীয়স্বজনকে খবর দেয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, পরিবারের অনুরোধে পুলিশ ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করেছে।