চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা অটোরিকশা আরোহী। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক জাকির হোসেন (৪৮), ফারজানা (৮) ও হারুন অর রশিদ (৩৫)। শিশু ফারজানা হারুনের বাড়ির গৃহকর্মী। তার বাড়ি ফটিকছড়ির নারায়ণহাটে।দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন হারুনের মা সালমা খাতুন (৫৫), ভাই মো. লিটন (৩০) ও খদিজা। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, হতাহত ব্যক্তিরা বিমানবন্দর থেকে অটোরিকশাযোগে ফটিকছড়ি ফিরছিলেন। বিদেশ থেকে আসা এক স্বজনকে আনার জন্য তাঁরা সবাই ফটিকছড়ি গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে ওই স্বজন কাল ফেরেননি বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর ছয়টার দিকে ১ নম্বর বিমানবন্দর সড়কের যমুনা অয়েলের সামনে অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক জাকিরের মৃত্যু হয়। পরে নৌবাহিনী হাসপাতালে নেওয়া হলে ফারজানাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি সাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার পর পর স্থানীয় লোকজন উদ্ধার করে হতাহত ব্যক্তিদের হাসপাতালে পাঠায়।