চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ট্রাফিক পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ হানিফ (৪০)।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট বায়তুশ শরফ মসজিদের সামনে ওভার পাস থেকে নামার সময় এ ঘটনা ঘটে। নিহত হানিফ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীধর গ্রামের মোহাম্মদ হাফিজের ছেলে।
নগর পুলিশের ট্রাফিক বিভাগের বাকলিয়া থানার পরিদর্শক দেবব্রত কর প্রথম আলোকে বলেন, হানিফ বাকলিয়ার কালা মিয়া বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত দায়িত্বে ছিলেন। দায়িত্ব শেষে নিউমার্কেট এলাকা থেকে টেম্পো করে হালিশহরের বাসায় ফিরছিলেন তিনি। টেম্পোটি ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার বায়তুশ শরফ মসজিদের সামনে ওভার পাস থেকে নামার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি উল্টে তার নিচে চাপা পড়ে মাথায় আঘাত পান হানিফ। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
দেবব্রত কর আরও বলেন, ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন হানিফ। পরে এএসআই হিসেবে পদোন্নতি পান।