চট্টগ্রামে সড়ক ধসে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের সঙ্গে রাঙ্গুনিয়া ও রাঙামাটির দুই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুটি বিকল্প সড়ক ধসে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বুধবার ভোরে বৃষ্টির পানির তোড়ে সড়ক দুটি ধসে পড়ে।এলাকাবাসী জানান, গত বুধবার ভোরে চট্টগ্রামে ব্যাপক বৃষ্টি হয়। বৃষ্টির পানিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন এলাকায় কালভার্ট নির্মাণের জন্য করা বিকল্প সড়কটি ধসে পড়ে। এতে বাস, জিপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১০টায় সড়কের ইছাখালী এলাকায় অন্য একটি কালভার্ট নির্মাণের জন্য করা বিকল্প সড়কটিও ধসে পড়ে। ফলে চট্টগ্রাম শহরমুখী যাত্রীরা রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলি থেকে সিএনজিচালিত অটোরিকশায় এসে ইছাখালী নেমে ধসে যাওয়া সড়ক দিয়ে হেঁটে গোডাউন এলাকা থেকে পুনরায় সিএনজিচালিত অটোরিকশাযোগে শহরে যাতায়াত শুরু করে। অন্যদিকে চট্টগ্রাম থেকে আসা যাত্রীরা একইভাবে গোডাউন থেকে ইছাখালী এসে অটোরিকশাযোগে কাপ্তাই ও রাজস্থলিতে যাচ্ছে।সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী আবুল কাসেম জানান, বুধবার সকালে সড়ক দুটি ধসে পড়েছে, তবে বৃষ্টির কারণে এগুলো সংস্কার করা সম্ভব হয়নি। সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।