চট্টগ্রামে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জামালখান এলাকার সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম নগরের জামালখান এলাকার সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: জুয়েল শীল

 নিরাপদ সড়কের দাবিতে ঢাকার মতো চট্টগ্রামেও সড়কে নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল ও সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টায় কাজীর দেউড়ি মোড় থেকে মিছিল নিয়ে জামালখান হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় প্রেসক্লাবের সামনে রাস্তার মাঝে জড়ো হলে দুই পাশে যানজট তৈরি হয়। পরে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়কের একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা নৌমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আর কত রক্ত ঝরবে’, ‘পড়তে এসেছি, মরতে নয়’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি। মিছিল-সমাবেশ থেকে রাজধানী ঢাকার বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ জানান।

কলেজের পোশাকে এই বিক্ষোভে যোগ দেওয়া শিক্ষার্থীরা নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের। এর মধ্যে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ, বেপজা কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা ছিল।

কর্মসূচি চলার সময় বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলে, ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে। কলেজ ছুটির পরই তারা কর্মসূচিতে যোগ দিয়েছে। আর কোনো হত্যা নয়, নিরাপদ সড়ক চাই—এই স্লোগানে তারা কর্মসূচি পালন করছে।