চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেরিন একাডেমিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন করবেন। এটি হবে দেশের প্রথম ও দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়। জানা গেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল ভারতে মেরিটাইম বিশ্ববিদ্যালয় আছে। দেশে মেরিটাইম বিশ্ববিদ্যালয় হলে জাহাজ-নির্মাণ ও নেভাল আর্কিটেকচার, মেরিটাইম সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ব্যবস্থাপনা, পোর্ট, শিপিং ও কোস্টাল-ব্যবস্থাপনা এবং মেরিটাইম বাউন্ডারি ও রিসোর্স-ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি ও পিএচইডি ডিগ্রি নিতে পারবেন মেরিন ক্যাডেটরা। ২০১৩ সালের জুলাই থেকে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএসসি কোর্সে ছাত্র ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ঢাকায় এক অনুষ্ঠানে দেশে মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় মেরিটাইম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটি করা হয়। মেরিন একাডেমি সূত্র জানায়, ২৬০ কোটি টাকা ব্যয়ে মেরিটাইম বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে ২০১৩ সালের জুনে। মেরিন একাডেমির অব্যবহূত ৩৫ একর জায়গাজুড়ে গড়ে তোলা হবে মেরিটাইম বিশ্ববিদ্যালয়। এই প্রকল্পের আওতায় মেরিন একাডেমির জন্য শিক্ষকসহ আরও প্রায় ৩০০ জন ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিক পর্যায়ে ১২৫ জন জনবল নিয়োগের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দেশে নৌ খাতে উচ্চশিক্ষিত ও দক্ষ জনবল তৈরি মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য। বর্তমানে মেরিনাররা সবাই মিড লেভেলের অপারেশনাল (জাহাজ পরিচালনা) কর্মকর্তা। কিন্তু নৌ সেক্টরে শিপিং ব্যবসা, পোর্ট নির্মাণ, জাহাজ-নির্মাণসহ নৌ-বাণিজ্যের জন্য উচ্চশিক্ষিত দক্ষ মেরিনার প্রয়োজন। সাজিদ হোসেন বলেন, ‘মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ পূর্বপ্রাচ্যের দেশ থাইল্যান্ড, কম্বোডিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ছাত্ররা এখানে পড়ার সুযোগ পাবেন।’