চট্টগ্রামে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে সাত বছর আগে এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আসামিদের আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন সৈয়দ আহমদ (৬৫) এবং তাঁর দুই ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও দিদারুল আলম (৩০)। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। গতকাল রায় ঘোষণার সময় কেবল সৈয়দ আহমদ উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি জাহাঙ্গীর আলম ও দিদারুল আলম পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি মিরসরাইয়ের কাঁটাগাঙ এলাকার একটি চা দোকানে আড্ডা দিচ্ছিলেন মো. সারোয়ার হোসেন ওরফে সোহরাব। ওই সময় সৈয়দ আহমদের নেতৃত্বে তাঁর দুই ছেলে রড ও লাঠি নিয়ে সরোয়ারের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় সারোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ২০ ফেব্রুয়ারি ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সারোয়ারের বাবা আলী হোসেন বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা করেন।