চট্টগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এই দণ্ডাদেশ দেন। আদালত দণ্ডপ্রাপ্ত ওই আসামিকে সাত দিনের মধ্যে আপিল করার নির্দেশও দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম জসিম উদ্দিন (৩০)।তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। চট্টগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আসামি জসিম উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আদালত সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেন।’আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১১ এপ্রিল বোয়ালখালী থানার আকুবদণ্ডী গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর স্ত্রী শিরিন আক্তার টেলিফোনে তাঁর ভাই জাহেদুল ইসলাম ওরফে হেলালকে জানান যে, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শারীরিকভাবে নির্যাতন করছে। শিরিনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হেলাল ও তাঁর বড় ভাই সাইফুল ইসলাম ওরফে বেলাল একই উপজেলার বেংগুরা এলাকা থেকে আকুবদণ্ডী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বেলালের বুকে ছুরিকাঘাত করেন ইউসুফ আলীর ছোট ভাই জসিম উদ্দিন। এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জসিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।