চট্টগ্রামে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
চট্টগ্রামে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফুল করিম ও সাইফুদ্দিন কামাল। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৯৯ সালের ২৯ অক্টোবর নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার ইকবাল রোডে রিকশা থামিয়ে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে খুন করা হয়। এ ঘটনায় নিহত যুবকের বাবা ছালেহ আহমেদ বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে পূর্ববিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলা হয়।
আদালত ২০০২ সালের ২৪ অক্টোবর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ এ রায় দেন আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডাদেশ পাওয়া দুই আসামিকে রায় ঘোষণার পর কারাগারে পাঠিয়ে দেন আদালত।