চট্টগ্রামে হত্যা মামলায় পাঁচ আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যৌতুক না পেয়ে এক নারীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামীসহ পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এ রায় দেন।
এদিকে বাদীসহ একজন সাক্ষীরও সাক্ষ্য না নিয়ে হত্যা মামলায় আসামি খালাস দেওয়ায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে মামলার বাদী ও নিহত নিলুপার ছোট ভাই মোহাম্মদ শাহনেওয়াজ সুমন গতকাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন। আর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেছেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
তবে আসামি জাসেদ আলীর আইনজীবী তারিক আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বছর দুয়েক আগে সাক্ষীরা হাজির না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২৬৫ (এইচ) ধারায় মামলাটি খারিজ করতে আদালতে আবেদন করা হয়েছিল। হয়তো গতকাল আদালত তা আমলে নিয়ে আসামিদের খালাস দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন। মঙ্গলবার সাক্ষীকে জেরা করতে প্রস্তুত ছিলাম। পরে শুনলাম আদালত মামলাটি খারিজ করে আসামিদের খালাস দিয়েছেন।’ সাক্ষী হাজির ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, খেয়াল করেননি।
২০০৭ সালের ২৪ জুন সীতাকুণ্ডের জাফরাবাদে শ্বশুরবাড়িতে যৌতুক না পেয়ে নিলুপা জামান শাহানা নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নিহত নিলুপার ছোট ভাই মোহাম্মদ শাহনেওয়াজ বাদী হয়ে গৃহবধূর স্বামীসহ সাতজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত গতকাল পাঁচ আসামিকে বেকসুর খালাস দেন। খালাসপ্রাপ্তরা হলেন নিলুপার স্বামী মোহাম্মদ আলী, দেবর শাহেদ আলী ও জাসেদ আলী, ননদ রওশন আরা, দেবরের স্ত্রী জিনু আক্তার।
এদিকে, মামলার বাদী ও নিলুপার ছোট ভাই মোহাম্মদ শাহনেওয়াজ সুমন গতকাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে লিখিত আবেদন করেছেন। এতে তিনি অভিযোগ করেন, মামলার প্রতিটি ধার্য দিনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির মাধ্যমে সাক্ষ্য দিতে হাজিরা দিয়ে আসছেন ট্রাইব্যুনালে। গত ২৫ জানুয়ারি ধার্য দিনে সাক্ষ্য দিতে হাজিরা দিলেও সাক্ষ্য নেওয়া হয়নি তাঁর। ওই দিন আদালত ১ মার্চ পরবর্তী দিন ধার্য করে হাজির হতে বলেন। গতকাল সকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির মাধ্যমে সাক্ষ্য দিতে হাজিরা দেওয়া হয়। কিন্তু বিচারক তাঁর আইনজীবী মোহাম্মদ ইদ্রিস, তাঁর কোনো বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ না করে পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে রায় ঘোষণা করেন।
মামলার বাদী মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছিলাম। সাক্ষ্য দিতেও হাজির হয়েছে প্রতিটি ধার্য দিনে। সাক্ষ্য না নিয়ে আসামিরা কীভাবে খালাস পেলেন, তা বুঝতে পারছি না। হত্যার বিচার কি পাব না।’
বাদীর আইনজীবী মোহাম্মদ ইদ্রিস বলেন, প্রতিটি ধার্য দিনে সাক্ষ্য দিতে বাদী হাজির হয়েছেন। কিন্তু সাক্ষ্য নেওয়া হয়নি।
জানতে চাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি এম এ নাছের প্রথম আলোকে বলেন, সাক্ষী ও মামলার বাদী সাক্ষ্য দিতে হাজিরাও দিয়েছেন। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য নিতেও প্রস্তুত ছিল। কিন্তু সাক্ষ্য না নিয়ে আসামিদের খালাস দিয়ে রায় ঘোষণা হওয়ায় রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।
লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী বলেন, সাক্ষী হাজির হওয়ার পরও তার সাক্ষ্য না নিয়ে মামলা খারিজ করে দেওয়ার বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইন মন্ত্রণালয়ে ব্যবস্থা নিতে বলা হবে।