চট্টগ্রামে হরতাল বিরোধী সমাবেশ
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামে ১০ জন নেতা রয়েছেন, যাঁরা ধ্বংসাত্মক রাজনীতি করেন। তাঁদের চিহ্নিত করে ফেলেছি। তাঁদের ঠিকানাও জানা আছে। তাঁরা যদি জ্বালাও-পোড়াও অপরাজনীতি করেন, তাহলে একইভাবে তাঁরাও জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবেন।’
গতকাল মঙ্গলবার সকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। হরতাল ও অবরোধের বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘যাঁরা নৈরাজ্য করছেন, তাঁরা সাবধান হয়ে যান। আপনাদের বাড়ি-ঘরে পাল্টা আগুন জ্বলবে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদাক আ জ ম নাছির উদ্দিন বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি মাঠে নেমেছে। তারা ভোট চায় না, তারা সন্ত্রাস ও নৈরাজ্য চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সদস্য আবুল মনছুর প্রমুখ।
এদিকে উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ, জামালখান আওয়ামী লীগ ও বাকলিয়া আওয়ামী লীগ নগরের বিভিন্ন স্থানে হরতালবিরোধী সভা ও মিছিল করেছে।