চট্টগ্রামে হরতালে আহত মাদ্রাসার ছাত্রের মৃত্যু
ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও হেফাজত ইসলামের ডাকে গত ৪ এপ্রিল হরতাল চলাকালে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষে আহত এক মাদ্রাসাছাত্র গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম রফিকুল ইসলাম (২২)। তিনি হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার ছাত্র ছিলেন।রফিকুল বাগেরহাটের চিতলমারী উপজেলার নজরুল ইসলামের ছেলে। হরতাল চলাকালে সোমবার দুপুরে হাটহাজারী-চট্টগ্রাম সড়কে সংঘর্ষে তিনিসহ অন্তত ৩০ জন আহত হন। তিনি মাথায় আঘাত পান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতালের কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান।জামাল উদ্দিন বলেন, সন্ধ্যায় নিহত ছাত্রের বাবা নজরুল ইসলাম ছেলের মৃতদেহ বুঝে নিয়েছেন। তাঁরা লাশ সম্ভবত বাড়িতে নিয়ে যাবেন।সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে হাটহাজারী-চট্টগ্রাম সড়কে হরতাল সমর্থকেরা অন্তত ২০০টি বাস ভাঙচুর করে। এ সময় একটি পেট্রলপাম্পেও আগুন দেওয়া হয়।