চট্টগ্রামে হরতালে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর
চট্টগ্রামে জামায়াতের ডাকা আজ রোববার হরতালে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোথাও বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে সংগঠনের দুই নেতা-কর্মী খুন ও নেতা-কর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে আজ চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে নগরের ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় হরতালের সমর্থনকারীরা ব্যাটারিচালিত দুটি ও সিএনজিচালিত তিনটি অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। অপরদিকে নগরের রেলস্টেশন, বাদুড়তলা, চকবাজার এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নগরের বালুছড়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, ‘সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।’
এদিকে নগরের মুরাদপুর, অক্সিজেন, দুই নম্বর গেইট, প্রবর্তক মোড়, আগ্রাবাদ, দেওয়ানহাট, লালখান বাজার, মেহেদীবাগ ও জিইসি মোড়সহ বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।
সকালে গাড়ি না পেয়ে অফিসগামী লোকজনকে দুর্ভোগে পড়তে হয়। অনেককেই দ্বিগুণ ভাড়া দিয়ে কর্মস্থলে যেতে হয়েছে।