চট্টগ্রামে হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবারের হরতাল কর্মসূচিতে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় ও পোর্ট কানেকটিং (পি সি) সড়কে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। নগরের চান্দগাঁও ও হালিশহর থানায় এ দুটি মামলা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।’ এদিকে হালিশহর থানার ওসি মাইনুল ইসলাম জানান, পি সি সড়কে বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।মঙ্গলবার নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানকে গ্রেপ্তারের প্রতিবাদে হালিশহর থানার পি সি সড়কে একটি বাসে আগুন দেয় হরতালের সমর্থকেরা। এ ছাড়া গত সোমবার রাতে নগরের পাহাড়তলী থানার এ কে খান এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। পাহাড়তলী থানা সূত্র জানায়, একটি মোটরসাইকেলের চালকের সঙ্গে বাসচালকের কথা-কাটাকাটির জের ধরে ওই বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়।