চট্টগ্রামে হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ
নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জামায়াত-শিবিরের হরতাল চলাকালে চট্টগ্রামে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে হরতাল-সমর্থনকারীরা নগরের পাঁচলাইশে এই ধ্বংসযজ্ঞ চালায়।
পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকালে হরতাল-সমর্থনকারীরা নগরের পাঁচলাইশ মিনি সুপার মার্কেটের সামনে ছয়টি গাড়ি ভাঙচুর করে ও একটি অটোরিকশাতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া নগরের বাদুড়তলা, হালিশহরের বড়পুল এলাকায় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
চট্টগ্রাম থেকে এই প্রতিবেদক জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শহরে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। দূরপাল্লার গাড়ি চলাচল না করলেও, শহরের ভেতর যানবাহন চলছে, অফিস-আদালতেও কর্মজীবীদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই, তবে বিপণিবিতানগুলো বন্ধ রয়েছে।
নগরের দেওয়ানবাজার কার্যালয় থেকে গত মঙ্গলবার ছাত্রশিবিরের ৩০ নেতা-কর্মীকে নাশকতার অভিযোগে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে বিভিন্ন মেয়াদে রিমান্ড চাওয়া হয়। আজ রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।