চট্টগ্রামে হরতালে মাঠে ছিল না জামায়াত
হরতাল ডেকে গতকাল বুধবার দিনভর মাঠে ছিল না জামায়াত-শিবির। ফলে গতকাল চট্টগ্রামে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। তবে ভোরে নগরের দুটি স্থানে শিবিরের কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে।
গতকাল ভোর থেকে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের নিশ্ছিদ্র পাহারা ছিল।
গতকালের হরতালে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। ব্যক্তিগত গাড়িও দেখা গেছে রাস্তায়। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। ট্রেনগুলো সূচি মেনে যাত্রী পরিবহন করেছে।
চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা ও সরবরাহ হতে দেখা গেছে। অন্য সময়ের হরতালগুলোতে বন্দরে পণ্য ওঠানামা হলেও সরবরাহ হতো না। গতকাল পণ্যভর্তি ট্রাক ও কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে শিবিরের কিছু নেতা-কর্মীকে নগরের কদমতলী ও জেল রোড এলাকায় মিছিল করতে দেখা গেছে। পুলিশের উপস্থিতি দেখে মিছিলকারীরা গলির ভেতর প্রবেশ করে সরে যায়। এর বাইরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের নগরের আর কোথাও দেখা যায়নি।
নাশকতা ঠেকাতে অলংকার মোড়, কর্ণফুলী সেতু, অক্সিজেনসহ বিভিন্ন মোড়ে আড়াই হাজার পুলিশ সতর্ক অবস্থানে ছিল। ফলে নগরে গাড়ি চলাচলে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। দূরপাল্লার অনেক যাত্রী ছোট গাড়ি চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, বুধবার ভোর থেকে পুলিশ চট্টগ্রামে সতর্ক অবস্থানে ছিল। এ কারণে নগরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।