চট্টগ্রামে হরতালে মাঠে নামার পরিকল্পনা নিচ্ছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ রোববার হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীরা নগরের কয়েকটি স্থানে সমাবেশের কর্মসূচি দিয়েছেন। জামায়াতে ইসলামীর কর্মীরাও রাজপথে নামার পরিকল্পনা করছেন। গোয়েন্দা সূত্রে এ তথ্য পাওয়ার পর নগর পুলিশ কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।জানা গেছে, এ জন্য অন্যান্য স্বাভাবিক হরতালের চেয়ে এবার বেশি পুলিশ নগরের রাজপথে নামানো হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের উদ্যোগের প্রতিবাদে বিএনপি-জামায়াত এই হরতালের ডাক দিয়েছে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য সময়ের হরতালে আমরা নগরে সাধারণত প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন রাখি। এবার দাঙ্গা পুলিশসহ আড়াই হাজারের মতো পুলিশ মোতায়েন করা হচ্ছে। যেকোনো ধরনের অরাজক পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’ নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা নগরের ১১টি থানার প্রতিটিতে সমাবেশ করার কর্মসূচি নিয়েছি। নগরের সভাপতি ও সাধারণ সম্পাদক সকাল থেকে এই ১১টি সমাবেশে পর্যায়ক্রমে যোগ দেবেন। বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে হবে বড় সমাবেশ। এরপর নেতারা বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবেন।দলীয় সূত্রমতে, বাকলিয়ার কালামিয়া বাজার থেকে বিএনপির এসব সমাবেশ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বহদ্দারহাট, মুরাদপুর, দেওয়ানহাট মোড়, বন্দর, হালিশহর প্রভৃতি এলাকায় সমাবেশ হবে।হরতালের সমর্থনে গতকাল বিকেলে দলের নাসিমন ভবন কার্যালয়ের সামনে নগর বিএনপির সমাবেশ হয়। পরে নগরে একটি মিছিল বের করা হয়। মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। সরকার আবার ক্ষমতায় আসতে পারবে না জেনে এখন থেকে নানা ষড়যন্ত্র শুরু করেছে। হরতালের মাধ্যমে সরকারের এ ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।কোতোয়ালি থানা বিএনপির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রোজি কবির, মাজহারুল ইসলাম, নগর বিএনপির নেতা মোহাম্মদ মিয়া, কাজী বেলাল উদ্দিন, এম এ হান্নান, এস এম সাইফুল আলম প্রমুখ।