জামায়াতে ইসলামীর ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতালে গণপরিবহন রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক ও শ্রমিক সমিতি। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ওঠা গণজাগরণের অংশ হিসেবে হরতাল প্রত্যাখ্যান করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে রাস্তায় যানমালের নিরাপত্তা চেয়েছে মালিক ও শ্রমিকপক্ষ। হরতাল প্রত্যাখ্যান করতে ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ থেকে আহ্বান জানানো হয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রামের বাস, মিনিবাস ও হিউম্যান হলার মালিক ও শ্রমিকপক্ষ হরতালে গাড়ি বের করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তজিলা বাস, মিনিবাস মালিক গ্রুপের উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা গাড়ি বের করার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা পুলিশি সহযোগিতাও চেয়েছি।’সিটি বাস, মিনিবাস, হিউম্যান হলার সমিতি লাইন সম্পাদক আবদুল হাকিম বলেন, ‘আমরা সবাইকে বলে দিয়েছি যাতে কাল (আজ) হরতালে গাড়ি বের করে। আশা করি, অর্ধেকেরও বেশি যানবাহন কাল বের হবে। এতে জনসাধারণের কষ্ট কমবে। এ ব্যাপারে আমরা পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছি।’পুলিশও তাদের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (যানবাহন) উত্তম কুমার পাল বলেন, ‘প্রতি হরতালে আমরা মাঠে থাকি এবং যানমালের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকি। কালও (আজ) ভোর থেকে প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ থাকবে।’নগর ছাড়াও বিভিন্ন স্বল্পপাল্লার যানবাহনও চলার ব্যাপারে আশাবাদী মালিকপক্ষ। কিন্তু অনেক পরিবহন শ্রমিক হরতালের সহিংসতার ভয়ে গাড়ি বের করতে চায় না। তবে জামায়াতে ইসলামীর ৯ ফেব্রুয়ারির হরতালে চট্টগ্রামে প্রচুর পরিমাণে যানবাহন চলেছে। এই চিন্তা থেকে সোমবার আরও বেশি যানবাহন নামতে পারে বলে মনে করছে মালিক ও শ্রমিকপক্ষ।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহম্মদ বলেন, ‘প্রশাসন থেকেও গাড়ি বের করতে বলা হয়েছে। এখন মালিকপক্ষ গাড়ি দিলে আমরা অবশ্যই রাস্তায় নামাব।’