চট্টগ্রামে হরতালে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আটক ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা দ্বিতীয় দিনের হরতালে গতকাল সোমবার চট্টগ্রামের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপির কর্মী-সমর্থকদের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হন। ভাঙচুর করা হয় অন্তত ১৫টি গাড়ি। এ সময় নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থান থেকে অন্তত ২৭ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আটক নেতা-কর্মীদের মধ্যে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগমসহ নয়জন নারীকে গতকাল সকাল-সন্ধ্যা কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাকলিয়া এলাকায় দুই নারী কর্মীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।পুলিশ সূত্র জানায়, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বাকলিয়া থেকে সাতজন, কোতোয়ালি এলাকায় চারজন, ডবলমুরিংয়ে দুজন, পাহাড়তলী ও বন্দর এলাকায় একজন করে পিকেটার গ্রেপ্তার করে। গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালিতে চারজন ও বন্দরে একজনের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছিল। আর বাকলিয়া থেকে গ্রেপ্তার হওয়া সাতজনকে গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার কথা।সরেজমিনে দেখা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ের সামনে দলের সমাবেশ চলার সময় একটি যাত্রীবাহী টেম্পো ভাঙচুর করে পিকেটাররা। এতে টেম্পোচালক আহত হন। এ ঘটনার পর পুলিশ বিএনপির কর্মীদের তাড়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিএনপির কর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিমন ভবনের সংঘর্ষ নগরের কাজীর দেউড়ি পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুলিশের সঙ্গে তিন দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাসের শেল ছোড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ বিএনপির স্থানীয় কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সকালে নগরের ইস্পাহানী মোড়ে মহিলা দলের নেতা-কর্মীরা পিকেটিং করছিলেন। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দলের সভাপতি মনোয়ারা বেগমসহ নয়জন নারী নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত মনোয়ারাসহ নয়জনকে সন্ধ্যা পর্যন্ত কারাদণ্ড দেন। একই সময়ে নগরের কালামিয়া বাজারে বিএনপির একটি সমাবেশ থেকে যানবাহন ভাঙচুর করা হলে পুলিশ ১১ জনকে আটক করে। তাঁদের মধ্যে তিনজন নারী কর্মী ছিলেন। নারী কর্মীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, যানবাহন ভাঙচুর ও সহিংসতা সৃষ্টির অভিযোগে বিএনপির কর্মী-সমর্থকদের আটক করা হয়। কালামিয়া বাজারে পিকেটাররা একটি যাত্রীবাহী টেম্পো উল্টে দেয় বলে পুলিশ জানায়। এদিকে সকাল থেকে দলীয় নেতারা নাসিমন ভবনের সামনে অবস্থান নেন। পুলিশ তাঁদের সেখানে অবরোধ করে রাখে। এদিকে নগরের মুরাদপুর মোড়েও বিএনপির কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর এবং হরতালের সমর্থনে মিছিল করেছেন। সেখানেও পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় রিকশার পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, বাস ও ট্রাক চলতে দেখা গেছে। তবে দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। আন্তনগর ও মেইল ট্রেন ছেড়ে গেছে। হরতালের দ্বিতীয় দিনে স্কুল-কলেজ বন্ধ ছিল। তৈরি পোশাক কারখানায় কাজ চলেছে যথারীতি। ব্যাংক-বিমা প্রতিষ্ঠান খোলা থাকলেও লেনদেন হয়নি। এদিকে বিকেলে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিএনপির নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁদের ১০০ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন। ইলিয়াস আলীর সন্ধান না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি কাজীর দেউরি ও নাসিমন ভবন এলাকায় পিকেটিং করেছে। উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম চৌধুরীর নেতৃত্বে সকাল থেকে নেতা-কর্মীরা পুলিশি বাধা অতিক্রম করে দফায় দফায় মিছিল করেছেন।