চট্টগ্রামে হরতালের শেষ দিনে সংঘর্ষ, ফাঁকা গুলি
প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া এবং নিজেদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা তিন দিনের হরতাল কর্মসূচি। বিএনপির পাশাপাশি গতকালও আওয়ামী লীগের সরব উপস্থিতি ছিল রাজপথে। হরতালের পক্ষে ও বিপক্ষে নগরের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ হয়েছে।
গতকাল দুপুরের দিকে নগরের বন্দরটিলায় হরতালের সমর্থনে বিএনপির সমাবেশ হয়। সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তৃতা করেন। তিনি নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের মাঠে থাকার পরামর্শ দেন। এর পরই তিনি সমাবেশ শেষ করে চলে গেলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে বলে অতিরিক্ত উপকমিশনার মো. মনজুর মোরশেদ জানান।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আমীর খসরু বন্দর টিলা এলাকা ত্যাগ করার পরই বিএনপির কিছু তরুণ ও কিশোর আওয়ামী লীগের মঞ্চে ঢিল ছোড়ে। মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে বিএনপির সমর্থকদের ধাওয়া করে। এতেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপির কর্মীদের হটিয়ে দিয়ে আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল করে।
আওয়ামী লীগের স্থানীয় নেতা মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘বিনা উসকানিতে বিএনপির উচ্ছৃঙ্খল কর্মীরা আমাদের মঞ্চের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছিল। পরে আমাদের ছেলেরা জড়ো হয়ে ওদের তাড়িয়ে দেয়। পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।’
গতকাল সকালের দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও বহিষ্কৃত নেতা এরশাদ উল্লাহর অনুসারীরা আলাদাভাবে নগরের বহদ্দারহাট এলাকায় সমাবেশ করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মিছিল মুখোমুখি হয়। এতে এক পক্ষ আরেক পক্ষের দিকে ইটপাটকেল ছুড়ছিল। তখন দুটি ককটেলেরও বিস্ফোরণ ঘটে। উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশ ২৫টি রাবার বুলেট ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়।
অতিরিক্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পর পর দুটি ককটেলের বিস্ফোরণের হলে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরপর উভয় পক্ষকে বহদ্দারহাট এলাকা থেকে সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’
এদিকে হরতালের শেষ মুহূর্তে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে ১৮ দলের সমাবেশে বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল বেধে যায়। এ সময় কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে সভার কাজ অন্তত ১৫ মিনিট বন্ধ থাকে। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও নগর স্বেচ্ছাসেবক দলের নগর সভাপতি এস কে খোদা তোতনের অনুসারীদের মধ্যে এই হট্টগোল হয়। সভা চলাকালে নাসিমন ভবনের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাত হোসেন সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন। একই সারিতে দাঁড়ানো স্বেচ্ছাসেবক দলের নগর সভাপতি এস কে খোদা তোতন তাঁর নাম ঘোষণার জন্য শাহাদাতকে অনুরোধ করছিলেন। কিন্তু শাহাদাত মাইকে বলেন, ‘আজ কোনো সহযোগী সংগঠনের নেতাদের বক্তৃতা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ এ কথা বলার পর তোতনের অনুসারীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শাহাদাতের অনুসারীরাও পাল্টা স্লোগান দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর পরই তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে আবদুল্লাহ আল নোমান মাইক হাতে নিয়ে সবাইকে শান্ত করেন।