চট্টগ্রামে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ সমাবেশ
জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে গতকাল বুধবার চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।নগরের নাসিমন ভবনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাবেক সাংসদ রোজী কবির সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বিএনপির মহানগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি এম শামসুল আলম, আবু সুফিয়ানসহ থানা পর্যায়ের নেতারা বক্তৃতা করেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিল নগরের লাভ লেন, এনায়েতবাজার মোড়, মোমিন রোড ও জামাল খান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।সমাবেশে আমীর খসরু বলেন, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে অর্ধাহারে-অনাহারে থাকা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। এতে পণ্য পরিবহনের খরচও বেড়েছে, যা সাধারণ ভোক্তাদের বহন করতে হবে। তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলন চালিয়ে যাবে। খসরু আরও বলেন, শেয়ারবাজারে আবারও ধস নেমেছে। ইউনিপেটুইউতে বিনিয়োগ করে সাধারণ মানুষ আজ নিঃস্ব। শেয়ারবাজার ও ইউনিপেটুইউর টাকা সরকারি দলের কিছু লোকের হাতে চলে গেছে। এ কারণে ব্যাংকগুলো আজ তারল্য-সংকটে পড়েছে। তিনি বলেন, এই সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যা সাধারণ মানুষ মেনে নেবে না।নাসিমন ভবন চত্বরের সমাবেশ শুরুর আগে বিপুলসংখ্যক পুলিশ নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয়। আগের হরতালে বিএনপির নেতা-কর্মীদের নাসিমন ভবন চত্বরের মধ্যে পুলিশ অবরুদ্ধ রেখেছিল। পুলিশ আগের অবস্থান থেকে গতকাল সরে এসে বিএনপিকে মিছিল করার অনুমতি দেয়।নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএনপির কর্মসূচিতে জামায়াত-শিবিরের কিছু ক্যাডার ঢুকে যায়। নাশকতা করা তাদের উদ্দেশ্য ছিল বলে পুলিশের কাছে তথ্য আছে। ওই ক্যাডারদের ছবি ভিডিওতে ধারণ করা হয়েছে।এদিকে হরতালের সমর্থনে দক্ষিণ জেলা বিএনপি নগরের দোস্ত বিল্ডিংয়ে সমাবেশ করে। এতে স্থানীয় নেতারা বক্তৃতা করেন। এর পাল্টা কর্মসূচি হিসেবে দক্ষিণ জেলা ছাত্রদল প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। এতে দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জসিমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ বক্তৃতা করেন।