চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি
চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন আইনজীবীরা। এ দাবিতে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম’ নামের একটি সংগঠন।
সংগঠনটি চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও সুপ্রিম কোর্টের প্রতি আবেদন জানায়। ৩০ এপ্রিলের মধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া না হলে ৩০ এপ্রিলের পর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বার কাউন্সিলের সদস্য কবির চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি আবুল হাশেম, প্রধান সমন্বয়কারী মো. কাশেম কামাল, সদস্যসচিব শঙ্কর প্রসাদ দে প্রমুখ।
সংগঠনের ঘোষিত আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি বরারর স্মারকলিপি পেশ, আইনজীবীদের স্বাক্ষর অভিযান ও মানববন্ধন, পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় ইত্যাদি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৮২ সালের ১১ মে চট্টগ্রামে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালের ১৭ জুন সামরিক ফরমানের মাধ্যমে স্থায়ী বেঞ্চগুলোকে সার্কিট বেঞ্চ হিসেবে মর্যাদা দেওয়া হয়। সংবিধানের অষ্টম সংশোধনীর পর দেশের ছয়টি সার্কিট বেঞ্চই স্থায়ী বেঞ্চের মর্যাদা লাভ করে। তবে ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের অষ্টম সংশোধনীর ২(ক) অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়। তখন চট্টগ্রামসহ রংপুর, যশোর, বরিশাল, কুমিল্লা ও সিলেটের হাইকোর্টের বেঞ্চসমূহ ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামবাসী ১৯৮৯ সাল থেকে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। বারবার সরকার পরিবর্তন হলেও চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপিত হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সামান্য চুরির মামলা, ছিনতাইয়ের মামলার জন্য ঢাকায় দৌড়াতে হয়। এ ধরনের মামলার জন্য আসামি কিংবা বাদীকে ২০ থেকে ৫০ হাজার টাকা খরচ করতে হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিকল্প নেই।