চট্টগ্রামে হান্নানা বেগমের তিন গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক অর্থনীতিবিদ হান্নানা বেগমের তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম একাডেমির আয়োজনে এই উৎসব হয়। অনুষ্ঠানে অতিথিরা বইগুলোর মোড়ক উন্মোচন করেন। বই তিনটি হলো. বাজেটের কথা ও জনপ্রত্যাশা, নারীর মানুষ হওয়ার সংগ্রাম এবং নারী ও বাংলাদেশের অর্থনীতি। প্রকাশনা উৎসবের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘নারীকে সমাজে মানুষ হিসেবে স্থান দেওয়ার সংগ্রামে নারীরাই নেতৃত্ব দেবে। নারীমুক্তির সংগ্রামে হান্নানা বেগমের বই অবশ্যপাঠ্য।’ প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। হান্নানা বেগমের বই তিনটি নিয়ে আলোচনা করেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও অধ্যক্ষ আনোয়ারা আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশিদ কাদেরী ও চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ।