চট্টগ্রামে হামলায় আহত আওয়ামী লীগ নেতা এখনো আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল হাশেম চৌধুরী চট্টগ্রাম মহানগরের জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নয় দিন আগে তিনি একদল যুবকের হামলায় আহত হন। হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেও তিনি এখনো আতঙ্কে আছেন।

২২ এপ্রিল আবুল হাশেম চৌধুরীর ওপর হামলা চালায় একদল যুবক। নগরের চেরাগী পাহাড়ের অদূরে নিজ ব্যবসায়িক কার্যালয় থেকে বের হওয়ার সময় তাঁর ওপর ওই হামলা চালানো হয়।

পারিবারিক সূত্র জানায়, হামলার ঘণ্টা খানেক আগে আবুল হাশেমের স্বজন এক ছাত্রীকে পাড়ার কিছু যুবক উত্ত্যক্ত করে। সে সময় তিনি তাদের বাধা দেন।

আবুল হাশেম বলেন, ‘ইরফান নামের এক বখাটে আমার এক স্বজনকে উত্ত্যক্ত করত। ২২ এপ্রিল দুপুরেও উত্ত্যক্ত করার পর আমি বাধা দিই। এরপর বখাটেরা আমাকে হুমকি দিয়ে বলে “এক ঘণ্টার মধ্যে আসছি। তোর খবর করে দেব।”’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে জামালখানের বাসায় ফিরেছেন আবুল হাশেম। তিনি বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই সেদিন আমার মুখে ঘুষি বসিয়ে দেয় এক বখাটে। এরপর পেছন থেকে একজন কিরিচ দিয়ে মাথায় কোপ দেয়। আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আমাকে বেদম লাঠিপেটা করে আরও কয়েকজন বখাটে।’ আবুল হাশেম বলেন, তিনি এখনো আতঙ্কের মধ্যে আছেন। আতঙ্কে আছে তাঁর পরিবারও।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘বখাটে যুবকদের কেউ কেউ নিজেদের ছাত্রলীগ পরিচয় দেয় বলে শুনেছি। এটা আমাদের সংগঠনের জন্য উদ্বেগের কারণ।’

ভুক্তভোগীর ভাই আবু নাসের চৌধুরী বলেন, ইরফানই নগরের বিভিন্ন জায়গা থেকে বখাটে যুবকদের ডেকে এনে এ কাণ্ড ঘটিয়েছে। হামলাকারীদের অন্তত আটজনকে চেনা গেছে।

আবুল হাশেম বলেন, ‘ইরফান একসময় শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। এখন ভোল পাল্টিয়ে আমার সংগঠনের ছেলেদের সঙ্গে মেলামেশা করে।’

অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও ইরফানকে পাওয়া যায়নি।

হামলার অভিযোগে আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন আবুল হাশেম চৌধুরীর ছোট ভাই। এজাহারভুক্ত তিনজন আদালত থেকে জামিন নিয়েছেন। বাকিরা পলাতক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ‘বখাটে যুবকদের ধরতে আমরা কয়েকবার অভিযান চালিয়েছি। ওরা এলাকা থেকে পালিয়েছে।’