চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের তিন লাখ টাকা ছিনতাইয়ে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী। গত বুধবার রাতে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ মিনহাজ জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন বলে পুলিশ দাবি করেছে। জিইসি মোড়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গেও আলী জড়িত বলে পুলিশ জানায়।গত ৮ জুলাই দুপুরে খুলশি থানাধীন ডায়াবেটিক হাসপাতালের তিন লাখ টাকা ওই হাসপাতালের সামনে থেকে ছিনতাই হয়। জিইসি মোড় এলাকায় ১১ লাখ টাকা ছিনতাই হয় ৩ আগস্ট।চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসী মিনহাজকে বুধবার রাত ১২টার দিকে শহরতলির অক্সিজেন মোড় এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি মোহাম্মদ আলীর বলে জানা গেছে।সূত্র আরও জানায়, মিনহাজের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতেই পুলিশ খুলশি এলাকায় তাঁর বাসা থেকে একটি এলজি উদ্ধার করে। ছিনতাই করা কিছু টাকাও ওই বাসা থেকে উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। তিনি দিনাজপুরের ঘোড়াঘাটের হামিদপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ডায়াবেটিক হাসপাতালের তিন লাখ আট হাজার টাকা ছিনতাইয়ে নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী। ওই ছিনতাইয়ের সময় তাঁরা সিএনজিচালিত দুটি অটোরিকশা ব্যবহার করেন। ঘটনার পরপরই একটি অটোরিকশা আটক করা হয়। তিনি বলেন, ‘মিনহাজকে গ্রেপ্তারের পর আমরা এ ঘটনার জট খুলতে সক্ষম হয়েছি। আলীকে গ্রেপ্তারের জন্য এক সপ্তাহ ধরে পুলিশের অভিযান চলছে।’সূত্র জানায়, ডায়াবেটিক হাসপাতালের টাকা ছিনতাইয়ের সঙ্গে আরও পাঁচজন জড়িত। পুলিশ সূত্র জানায়, মোহাম্মদ আলীর সঙ্গে নগরের একটি বেসরকারি কলেজের ছাত্রনেতাদের সুসম্পর্ক আছে। তাঁদের ছত্রচ্ছায়ায় তিনি বড় কয়েকটি ছিনতাইয়ে অংশ নেন। জিইসি মোড়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ সোমবার ভোরে শহীদুল ইসলাম, অশোক দেব ওরফে লিটন ও দিদারুল আলমকে গ্রেপ্তার করে। তাঁরা রিমান্ডে আছেন।