চট্টগ্রামে হিজবুত তওহিদের দুই সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কর্ণফুলী তৃতীয় সেতুসংলগ্ন শহীদ বশিরউজ্জামান চত্বর এলাকা থেকে হিজবুত তওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার দুজন হলেন মো. মজিবুর রহমান (৫০) ও বেলাল খান (২৮)। গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে ৮২০টি প্রচারপত্র, নয়টি বই ও দুটি ডিভিডি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মজিবুর রহমান যশোরের স্থায়ী বাসিন্দা। বেলার পিরোজপুরের স্থায়ী বাসিন্দা। তিনি নগরের পতেঙ্গা থানাধীন নিউমুরিং এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। র্যা ব-৭-এর এএসপি দীপক জ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী তৃতীয় সেতুসংলগ্ন এলাকা থেকে দুই হিজবুত তওহিদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’র্যা ব সূত্র জানায়, গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে উদ্ধার করা লিফলেটগুলোতে হিযবুত তাহ্রীর ও হিজবুত তওহিদকে এক করে না দেখার আহ্বান জানানো হয়েছে। লিফলেটে বলা হয়, হিজবুত তওহিদ কোনো সশস্ত্র পন্থায় বিশ্বাস করে না। এএসপি দীপক জ্যোতি খীসা বলেন, ‘গ্রেপ্তার মজিবুর রহমান দাবি করেছেন, তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। তবে জিজ্ঞাসাবাদে তিনি সিইউএফএলের কোনো কর্মকর্তার নাম বলতে পারেননি। তাঁর দাবি সত্যি কি না, তা যাচাই করা হচ্ছে।’