চট্টগ্রামে হিজবুত তওহিদের প্রচারপত্র বিলি
উগ্র সংগঠন হিজবুত তওহিদ চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে উসকানিমূলক প্রচারপত্র বিলি করছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় এ প্রচারপত্রে।
চট্টগ্রাম নগরের নন্দনকানন, বাকলিয়া, কোতোয়ালিসহ বিভিন্ন এলাকার কয়েকটি মন্দিরে সম্প্রতি হিজবুত তওহিদের চার পৃষ্ঠার প্রচারপত্র পাওয়া গেছে। নগরের বাকলিয়ার রাহাত্তারপুলে এ রকম ৪০টি প্রচারপত্র বহনের সময় ৭ আগস্ট হিজবুত তওহিদের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নাইম উল্লাহ ও আক্কাস আলী। নাইম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র এবং আক্কাস হকার। নাইমের বাড়ি চট্টগ্রামের মিরসরাই এলাকায় এবং আক্কাসের বাড়ি কুষ্টিয়ায়।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘হিজবুত তওহিদ নামের উগ্র সংগঠন চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন মন্দিরে ধর্ম অবমাননাকর প্রচারপত্র বিলি করছে। তাদের প্রচারপত্রে পবিত্র ইসলাম ও সনাতন ধর্মকে এক করে গুলিয়ে ফেলা হয়। এ রকম প্রচারপত্র বিলির সময় ৭ আগস্ট আমরা নগরের বাকলিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করি।’
রাউজান শ্রীশ্রী কালীবিগ্রহ মন্দির কমিটির সভাপতি নিরুপম দাশগুপ্ত বলেন, ‘হিজবুত তওহিদের প্রচারপত্র আমার হাতেও এসেছে।
নগরের বিভিন্ন মন্দিরে গোপনে তা প্রচার করা হচ্ছে। বিষয়টি আমি মৌখিকভাবে নগর পুলিশ কর্মকর্তাদের জানিয়েছি।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ‘সরকার জেএমবিসহ পাঁচটি সংগঠনকে নিষিদ্ধ করেছে। আরও ১২টি সংগঠন রয়েছে, যাদের উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করা হয়। হিজবুত তওহিদ উগ্রপন্থীদের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে।’