চট্টগ্রামে হিজড়া সম্মেলন
চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে হিজড়া সম্মেলন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সিটি করপোরেশন (চসিক), নোঙ্গর সমাজ উন্নয়ন সংস্থা ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের যৌথ আয়োজনে এই সম্মেলন হয়। চসিক সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, হিজড়াদের সমাজের কাছে গ্রহণযোগ্য করে তুলতে চসিক বেশ কিছু পরিকল্পনার উদ্যোগ নিয়েছে। হিজড়াদের জন্য ওয়ার্ডভিত্তিক ‘হেলথ কার্ড’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে তারা সিটি করপোরেশন পরিচালিত যেকোনো স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাবে। এ ছাড়া হিজড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করতে চসিক পরিচালিত বিদ্যালয়ে নৈশকালীন কোর্স চালু এবং ওয়ার্ড কাউন্সিল অফিস থেকে জন্মনিবন্ধন সনদ প্রদান করা হবে বলে মেয়র উল্লেখ করেন। বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, সচিব মো. সামসুদ্দোহা ও মানুষের জন্য ফাউন্ডেশন রাইটসের পরিচালক রীনা রায়। বেসরকারি সংগঠনের মধ্যে বক্তব্য দেন নোঙ্গর সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী এ এস এম জামাল উদ্দিন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডেপুটি ম্যানেজার এ এস এম রহমতউল্লাহ ভুঁইয়া, মানুষের জন্য ফাউন্ডেশন রাইটসের ম্যানেজার মহুয়া লেয়া ফালিয়া। হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য দেন ফাল্গুনী হিজড়া, কাজল হিজড়া, শানু হিজড়া, নাসু হিজড়া, ঝর্ণা হিজড়া প্রমুখ। হিজড়া জনগোষ্ঠীর জীবনযাত্রা, তাদের পরিসংখ্যান, অধিকার ও উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন স্ব-উদ্যোগী দল কর্ণফুলী হিজড়া সংঘের নবনির্বাচিত সভাপতি পায়েল হিজড়া।