চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়াসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন। সচেতন সনাতনী হিন্দু সমাজের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচিতে হাজার হাজার হিন্দু জনসাধারণ অংশ নেন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল একটি বিক্ষোভ মিছিল নগরের চেরাগী পাহাড়, নন্দনকানন, শহীদ মিনার ও আন্দরকিল্লা হয়ে প্রেসক্লাব চত্বরে শেষ হয়। সমাবেশে কোনো মঠ, মন্দির ও বাড়িঘরে হামলা হলে প্রতিরোধ এবং প্রতিবাদ করার অঙ্গীকার করা হয়। এসব অঙ্গীকার নিয়ে সমাবেশে শপথবাক্য পাঠ করান সংগঠনের আহ্বায়ক রিপম দাশ।সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি জাতীয় ইস্যু। আদালত তাঁর নিয়মে চলছে। কিন্তু আদালতের রায়ের ওপর ভিত্তি করে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যার মতো ঘটনা ঘটেছে। বক্তারা হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচার আইনে বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মন্দির, বাড়িঘর এক মাসের মধ্যে সংস্কারের দাবি জানান। সমাবেশ ও মিছিলে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়াসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার ছবি-সংবলিত বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা নিয়ে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত হন।