চট্টগ্রামে হিযবুত তাহরীরের এক কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মোহাম্মদপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গত শনিবার রাতে নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের এক কর্মীকে কিছু প্রচারপত্রসহ গ্রেপ্তার করেছে। ওই যুবকের নাম মো. আমিরুজ্জামান পারভেজ (৩১)। পুলিশের দাবি, ওই যুবক সংগঠনটির আঞ্চলিক প্রধান। তবে পারভেজ জানান, তিনি হিযবুত তাহরীরের সমর্থক। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় সংগঠনের ঝটিকা মিছিলে তিনি অংশ নিয়েছিলেন। পুলিশ জানায়, পারভেজ মোহাম্মদপুর তৈয়ববাগ আবাসিক এলাকার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, হিযবুত তাহরীরের সংবাদ বিজ্ঞপ্তি ও ৫০০টি প্রচারপত্র পাওয়া যায়।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. জাহাঙ্গীর আলম জানান, পারভেজ হিযবুত তাহরীরের একজন আঞ্চলিক কমান্ডার। তিনি নিজেকে হিযবুত তাহরীরের কমান্ডার বলে স্বীকারও করেছেন। তাঁর সঙ্গে চট্টগ্রামের বিভাগীয় নেতা শেখ ওমর শরীফ আল মারুফ রাসেলসহ বিভিন্ন নেতার যোগাযোগ ছিল।পুলিশ জানায়, পারভেজ তাঁর সহযোগী হিসেবে শরীফ, এরশাদ ও খালেদ সাইফুল্লাদের নাম বলেছেন। পারভেজ গতকাল রোববার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি হিযবুত তাহরীরের একজন সমর্থক মাত্র। আমি বিভিন্ন সময় তাদের সেমিনারে যেতাম। আমি যেহেতু কর্মী তাই আমার সঙ্গে বড় নেতাদের যোগাযোগ নেই। তবে প্রেসক্লাব এলাকায় মিছিলে আমি ছিলাম।’