চট্টগ্রামে হিযবুত তাহ্রীর ছয় সদস্য আটক
চট্টগ্রাম নগরের নাসিরাবাদ ও মুরাদপুর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে র্যাব-৭-এর একটি দল তাঁদের আটক করে।এ সময় তাঁদের কাছ থেকে জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। আটক হওয়া ছয় ব্যক্তি হলেন: মো. মহিবুল আলম (২৩), লোকমান গনি ওরফে তুষার (২৩), শরীফুল ইসলাম ওরফে জুয়েল (১৯), সাইফুল আলম (২৫), হাফেজ আবদুর রহিম (৫৩) ও এমদাদুল ইসলাম (২৩)। এমদাদুল ইসলামকে নগরের নাসিরাবাদের একটি বাসা থেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নগরের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।জানা গেছে, বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চট্টগ্রাম নগরের মুরাদপুর মসজিদের সামনে থেকে পাঁচজনকে আটক করে। তাঁদের কাছে এ সময় প্রচারপত্র পাওয়া যায়। আটক ব্যক্তিরা জানান, নগরের নাসিরাবাদের একটি বাসা থেকে এমদাদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর বাসা থেকে প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়।র্যাব-৭-এর স্টাফ অফিসার এএসপি মফিজুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিরা হিযবুত তাহ্রীরের সক্রিয় সদস্য। তাঁরা নানামুখী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।’