চট্টগ্রামে হিযবুত তাহ্রীরের দুই সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগর থেকে গত দুই দিনে নিষিদ্ধঘোষিত উগ্র সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই, মুঠোফোনের সেট ও পোস্টার উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া হিযবুত তাহ্রীরের দুই সদস্য হলেন মো. ফয়সাল রহমান ওরফে লিমন (২৭) ও আলী হায়দার চৌধুরী ওরফে জুয়েল (২৫)। গত মঙ্গলবার রাতে নগরের গোলপাহাড় এলাকার একটি ভবন থেকে প্রথমে ফয়সালকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁর তথ্যের ভিত্তিতে গতকাল নগরের কসমোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আলী হায়দারকে। ফয়সালের বিরুদ্ধে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা আছে।র্যাব সূত্র জানায়, কসমোপলিটন গলির দারুস সালাম ভবনের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে নয়টি মুঠোফোনের সেট, বিপুলসংখ্যক জিহাদি বই, প্রচারপত্র ও পোস্টার পাওয়া যায়। এ কক্ষে আলী হায়দার থাকতেন। গতকালই তাঁদের কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।