চট্টগ্রামে হিযবুত তাহ্রীরের হঠাৎ মিছিল, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীর গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের লাভলেইন মোড়ে আকস্মিক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। কর্মসূচি শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশ আশপাশের এলাকা থেকে চারজনকে আটক করে। এদের মধ্যে দুজন মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।সংক্ষিপ্ত মিছিল-সমাবেশে হিযবুত তাহ্রীরের সদস্যরা শেখ হাসিনা সরকারকে উৎখাত ও মার্কিন সামরিক মহড়া বন্ধ করার দাবি জানান। তাঁরা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠারও আহ্বান জানান। তাঁদের হাতে থাকা ব্যানার-ফেস্টুনে লেখা ছিল, ‘মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস কর, শেখ হাসিনা সরকার উৎখাত কর’ ইত্যাদি। সমাবেশ শেষে তাঁরা একটি ব্যানার ও সাতটি ফেস্টুন লাভলেইন মোড়ে আইল্যান্ডের ওপর টানিয়ে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে অবশ্য পুলিশ সেগুলো জব্দ করে। পুলিশ সূত্র জানায়, আটক চারজন হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী আহমেদ ইরফানুল করিম, বিজিসি ট্রাস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের ছাত্র মোজাম্মেল হোসেন, মো. হোসেন ও বাদশা মিয়া। হোসেন নিজেকে স্কুলছাত্র এবং বাদশা নিজেকে পোশাকশ্রমিক বলে দাবি করেন। ইরফান নিজেকে হিযবুত তাহ্রীরের সক্রিয় কর্মী বলে দাবি করেন। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘হিযবুত সদস্যরা হঠাৎ মিছিল বের করেছিল। আমাদের টহল পুলিশ বাধা দিলে তারা এক কনস্টেবলকে আঘাত করে চলে যায়। পরে আশপাশের এলাকা থেকে চারজনকে আটক করেছি।’পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে লাভলেইন মোড় থেকে আকস্মিক হিযবুত তাহ্রীরের অন্তত ৪০-৫০ জনের একটি দল মিছিল বের করেন। মিছিলটি এনায়েত বাজার মোড় ঘুরে আবার লাভলেইন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় তাঁরা উপস্থিত সাংবাদিকদের মধ্যে একটি বিজ্ঞপ্তিও বিলি করেন। বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি সরকার নতজানু বলে অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে এবং খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় লাভলেইন মোড়ে দায়িত্ব পালনরত টহল পুলিশের হাবিলদার হামিদ খান একজনকে ধরে ফেললে অন্য কর্মীরা এসে পুলিশকে ঘুষি মেরে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এর মধ্যে পুলিশের আরও সদস্য উপস্থিত হয়ে ইরফানকে স্টেডিয়াম মোড় এলাকা থেকে আটক করেন। এর আগে গত ১৫ এপ্রিল হিযবুত তাহ্রীর একইভাবে নগরের জামালখান এলাকায় আকস্মিক মিছিল বের করে। পরে প্রেসক্লাবের গ্রিলে ব্যানার-ফেস্টুন টানিয়ে তারা পালিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন, ‘নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিল-সমাবেশের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।’