চট্টগ্রামে হিযবুতের সংগঠক গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের এক সংগঠককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শরফুল আউয়াল কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রভাষক।
পুলিশ জানায়, শরফুল আউয়াল একই সংগঠনের আরও কয়েকজনের সঙ্গে চান্দগাঁও আবাসিক এলাকার মাঠে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। পুলিশ তাঁকে ধরতে সক্ষম হয়। পরে চান্দগাঁও আবাসিক এলাকায় তাঁর বাসা থেকে হিযবুত তাহ্রীরের বিভিন্ন বই জব্দ করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শরফুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই বৈঠকে আর কারা ছিলেন সে বিষয়ে মুখ খুলছেন না তিনি। পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করলে নাকি তিনি বেইমান হয়ে যাবেন।’ তিনি জানান, শরুফুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।