চট্টগ্রামে হুজি সদস্য জামিনে মুক্ত
চট্টগ্রামে হরকাতুল জিহাদের (হুজি) সদস্য অভিযোগে গ্রেপ্তার হওয়া মাহফুজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, রাউজান থানার সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনের দুই মামলায় মাহফুজুর রহমানের জামিননামা কারাগারে আসে বৃহস্পতিবার সন্ধ্যায়। এগুলো যাচাই-বাছাই করে শুক্রবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার রাবার বাগান গোদারপাড় এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে বাঁশের বেড়া দিয়ে জঙ্গি প্রশিক্ষণ চলাকালে জিহাদি বই, গন্ধক, বারুদ পাউডার, তারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব-৭ এর একটি দল। এ সময় প্রশিক্ষণরত অবস্থায় মাহফুজুর রহমানসহ ছয়জনকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন উপসহকারী পরিচালক আইয়ুব আলী বাদী হয়ে রাউজান থানায় দুটি মামলা করেন। তদন্ত শেষে র্যাব দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। বর্তমানে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ চলছে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।
মামলা দুটিতে ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীও আসামি রয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।