চট্টগ্রামে হেফাজত নেতা হারুন ইজাহার ‘আটক’
চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজাহারকে র্যাব আটক করেছে বলে দাবি করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী। তবে র্যাবের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত বারোটার দিকে নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে র্যাব তাঁকে আটক করে। তিনি ওই মাদ্রাসার শিক্ষক। এ ছাড়া হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকী তাঁর ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে হারুন ইজাহারকে আটকের বিষয়টি তুলে ধরেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা ফোন ধরেননি।
গত ২৬ শে মার্চ সহিংসতার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দশটি মামলা হয়। এতে প্রায় ছয় হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার হন প্রায় ৪০ জন নেতা কর্মী।