চট্টগ্রামে হেফাজতে ইসলামের বৈঠক
আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মজলিসে শুরা ও কেন্দ্রীয় কমিটির যৌথ বৈঠক হয়েছে। বৈঠকে ঢাকা ঘেরাও কর্মসূচি সমম্বয় করতে পাঁচটি কমিটি গঠন করা হয়। গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। এতে সারা দেশ থেকে কেন্দ্রীয় কমিটি ও মজলিসে শুরার শতাধিক ওলামা-মাশায়েখ অংশ নেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মইনুদ্দিন রুহি প্রথম আলোকে বলেন, ‘ঢাকা অবরোধ কর্মসূচি ছাড়াও ২৬ এপ্রিল চট্টগ্রামের শানে রেসালত সম্মেলন সফল করা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সারা দেশে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাঁদের মুক্তি দাবি এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানেরও আমরা মুক্তি চেয়েছি।’ রুহি আরও বলেন, ‘আমাদের ১৩ দফা বাস্তবায়ন নিয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না—বৈঠকে সেই ব্যাপারেও আলোচনা হয়েছে।’