চট্টগ্রামে হেফাজতের মিছিলের চেষ্টা, সাতজনআটক
জুমার নামাজের পর মিছিল বের করার চেষ্টা করলে গতকাল শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ চত্বর থেকে হেফাজতে ইসলামের সাতজন কর্মীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিভাগের একজন প্রভাষকও রয়েছেন। তাঁর নাম মুহাম্মদ নছিম। তিনি গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। বাকি ছয়জনের পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানায়নি। তবে হেফাজতে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরীর মুক্তি এবং ১৩ দফা দাবির সমর্থনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সংগঠনের কর্মী-সমর্থকেরা জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সাতজনকে আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, মুহাম্মদ নছিম হেফাজতে ইসলামের আগের কর্মসূচিগুলোতে বেশ তৎপর ছিলেন। তিনি বিভিন্ন সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাই তাঁকে আটক করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, প্রভাষক নছিমের বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে। আটক হওয়ার পর তিনি নিজেকে আওয়ামী লীগের সমর্থক শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ায় তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ জন্য তাঁকে ঢাকায় পাঠানো হতে পারে।