চট্টগ্রামে হেফাজতের ৮ কর্মীর জামিন মঞ্জুর
হেফাজতে ইসলামের আট কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া শুনানি শেষে হেফাজতের কর্মী শাহাদাত হোসেন, মো. ইদ্রিস, মাহমুদ উল্লাহ, কামরুল ইসলাম, সাকিবুল ইসলাম, ওসমান গণি, রোকন উদ্দিন ও হাসান মিয়ার জামিন মঞ্জুর করেন।
প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী।
গত মার্চে হাটহাজারীতে সহিংসতার ঘটনায় এই আট কর্মী গ্রেপ্তার হন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন গত বছরের মার্চে। সে সময় তাঁর সফরের বিরোধিতা করে মাঠে নামে হেফাজতে ইসলাম। ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় হেফাজতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এই খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাঠে নামে হেফাজত। সংগঠনের নেতা-কর্মীরা সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে ১৯ জন নিহত ও পুলিশসহ ৫০০ জন আহত হন। হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয় সরকারি-বেসরকারি স্থাপনায়।
ওই সহিংসতার ঘটনায় সারা দেশে হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৫৪টি মামলা করা হয়েছে। ঘটনার পর ১ হাজার ৩০৩ জনকে গ্রেপ্তারের কথা জানা গেছে। পরে অনেকে জামিন পেয়েছেন।