চট্টগ্রামে হেরোইন উদ্ধারের মামলায় একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হেরোইন উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড ও আরেক আসামিকে খালাস দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি অলিউদ্দিন পলাতক। অন্যদিকে খালাস পাওয়া আসামি এহতেশামুল হক ওরফে ভোলা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি। তিনি অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁকে গতকাল হেরোইন উদ্ধারের মামলায় আদালতে হাজির করা হয়।

তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ১৫ আগস্ট নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কের রৌফাবাদ এলাকায় অলিউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, হেরোইনগুলো ভোলার। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে ভোলাসহ দুজনকে আসামি করে বায়েিজদ বোস্তামী থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি অলিউদ্দিনকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় ভোলাকে।

পুলিশ সূত্র জানায়, ভোলাকে গত বছরের ২৭ জুন চট্টগ্রাম নগরের বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর সহযোগী মনির হোসেনের কাছ থেকে মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ভোলা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।